শেয়ার জালিয়াতি ও প্রতারণার অভিযোগে করা মামলায় ইউসুফ আব্দুল্লাহ হারুন–এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (১৫ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–এর ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানাটি বনানী থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল হাসেম।
মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ইনকনট্রেড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের শেয়ার জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
তদন্তে জানা যায়, ২০০৬ সালে বাদী ও তার স্ত্রী কোম্পানির মোট ২৩০০ শেয়ারের মধ্যে ৫০০ শেয়ারের মালিকানা অর্জন করেন। তবে ২০০৭ ও ২০০৯ সালে কোম্পানির শেয়ার বৃদ্ধি করা হলেও তাদের সে বিষয়ে অবহিত করা হয়নি।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর তদন্তে উল্লেখ করা হয়, কোম্পানির বোর্ড মিটিংয়ের নোটিশ ছাড়াই জাল রেজুলেশন দেখিয়ে বিপুল পরিমাণ শেয়ার বৃদ্ধি করা হয় এবং সেই শেয়ার এককভাবে নিজের নামে বরাদ্দ নেন ইউসুফ আব্দুল্লাহ হারুন।
তদন্তে আরও উঠে আসে, প্রথম দফায় ৩ লাখ ৭০ হাজার ৯৬৭টি এবং দ্বিতীয় দফায় ৬ লাখ ২৭ হাজার ৫৩৩টি শেয়ার বৃদ্ধি করে মোট প্রায় ৯ লাখ ৯৮ হাজার ৫০০টি শেয়ার নিজের নিয়ন্ত্রণে নেন তিনি, যার বাজারমূল্য প্রায় ৯ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১০৯, ৫০৬ ও ৩৪ ধারার অপরাধের সত্যতা পাওয়া গেছে বলে পিবিআই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন সরকার–এর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের পর আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী কার্যক্রম বিচারাধীন রয়েছে।
মামলার বাদী প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার মোহাম্মদ আমিরুল হক–এর পক্ষে আমমোক্তারনামা নিয়ে অভিযোগটি করেন মুশফিক আল মাসুম।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |