নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজের একদিন পর আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়ন এর চরমরজাল গ্রামে প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবদুর রহমান চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলী-এর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর থেকে শিশু আবদুর রহমান নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং এলাকায় মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুটির সন্ধান চেয়ে পোস্ট দেন। কিন্তু রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সন্তানের খোঁজে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
রবিবার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়া-র নির্মাণাধীন ভবনে পানি দিতে গিয়ে তার স্ত্রী ছাদের এক কোণে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে নিহতের মা সুমি বেগম মরদেহটি তার সন্তানের বলে শনাক্ত করেন।
মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইসি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বলে জানান রায়পুরা থানা-র পরিদর্শক প্রবীর কুমার ঘোষ।
নিহতের মা সুমি বেগম বলেন, “আমার সন্তান গতকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে থানায় জিডি করি। আজ সকালে প্রতিবেশীর ছাদে তার মরদেহ পাওয়া গেছে।”
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি এবং শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল-এর মর্গে পাঠানো হবে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |