| বঙ্গাব্দ
ad728
ad728

লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে চ্যাম্পিয়ন বাংলাদেশি কিশোর নাভহান

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 05-11-2026 ইং
  • 72 বার পঠিত
লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে চ্যাম্পিয়ন বাংলাদেশি কিশোর নাভহান
ছবির ক্যাপশন: লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে ‘ফিউচার মেকার্স ২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নাভহান উজায়ের রঈস চৌধুরী।

লন্ডনের বিশ্বখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ১৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান উজায়ের রঈস চৌধুরী। নিজের লেখা পিয়ানো সংগীত পরিবেশন করে ‘ফিউচার মেকার্স ২০২৬’ প্রতিযোগিতায় সেরার সম্মান অর্জন করেছে সে।

বুধবার (৪ নভেম্বর) রয়্যাল অ্যালবার্ট হলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৪ থেকে ১৯ বছর বয়সী তরুণ সংগীতশিল্পীরা অংশ নেন।

নাভহান নিজের লেখা ‘লা দ্যুল্যর এক্সকিজ’ শিরোনামের একটি পিয়ানো কম্পোজিশন পরিবেশন করে। ফরাসি শব্দগুচ্ছটির অর্থ তীব্র বেদনা। যুদ্ধ ও ভালোবাসার গল্প নিয়ে তৈরি এই সংগীতের মাধ্যমে সংঘাতের বিপরীতে ভালোবাসার বার্তা তুলে ধরে সে।

প্রতিযোগিতায় হাজারো আবেদন জমা পড়ে। কয়েক ধাপের বাছাই ও অডিশন শেষে চূড়ান্ত পর্বে জায়গা পায় নয়জন প্রতিযোগী। তাঁদের মধ্যে বিচারকদের মূল্যায়নে চ্যাম্পিয়ন নির্বাচিত হয় নাভহান।

নাভহানের মা রুবেনা চৌধুরী জানান, ইনস্টাগ্রামে প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় তাঁর ছেলে। প্রাথমিক বাছাই পেরিয়ে মে মাসে অডিশনে অংশ নেয় সে। পরে জুনে সরাসরি অডিশনে ২৫ জনের মধ্যে জায়গা করে নেয়। সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় নয়জন।

চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী এক বছর সংগীতশিল্পের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ ও সহযোগিতা পাবে নাভহান। এর মধ্যে সংগীত প্রযোজনা, রেকর্ডিং, প্রচারণা এবং পেশাগত সংগীতজীবন গড়ে তোলার সুযোগ রয়েছে।

২০০৯ সালে যুক্তরাজ্যে জন্ম নাভহানের। বর্তমানে সে দেশটির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হ্যারো স্কুলে পড়াশোনা করছে। সংগীতে বৃত্তি নিয়ে এই প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায় সে।

পিয়ানোর পাশাপাশি চেলো ও গিটার বাজাতেও দক্ষ নাভহান। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার আগ্রহ। আট বছর বয়সের দিকে শুরু হয় প্রাতিষ্ঠানিক সংগীতশিক্ষা। পিয়ানো ও চেলোতে উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি স্কুলের বিভিন্ন সংগীত দল ও অর্কেস্ট্রায়ও যুক্ত রয়েছে সে।

নাভহানের বাবা মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরীর বাড়ি বাংলাদেশের দিনাজপুরে। মা রুবেনা চৌধুরীর আদি বাড়ি সিলেটে। তাঁর মা নিজেও সংগীতচর্চা করতেন। পরিবারের তথ্য অনুযায়ী, প্রখ্যাত সংগীতশিল্পী মাহমুদুন্নবী ও গীতিকার কাওসার আহমেদ চৌধুরী ছিলেন নাভহানের ফুফা।

রয়্যাল অ্যালবার্ট হলের ‘ফিউচার মেকার্স’ প্রতিযোগিতা শুরু হয় ২০২২ সালে। তরুণ সংগীতশিল্পীদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি তাঁদের পেশাগত সংগীতজীবন গড়ে তুলতে সহায়তা করাই এ আয়োজনের উদ্দেশ্য।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর