| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ডে দিনে-দুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে দুল-চেইন ছিনতাই, এক গৃহবধূকে অজ্ঞান করে লুট

রিপোর্টারের নামঃ ‎এস এম ইকবাল হোসাইন
  • আপডেট টাইম : 25-10-2026 ইং
  • 180 বার পঠিত
সীতাকুণ্ডে দিনে-দুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে দুল-চেইন ছিনতাই,  এক গৃহবধূকে অজ্ঞান করে লুট
ছবির ক্যাপশন: চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি ঘটনায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাই এবং এক গৃহবধূকে অচেতন করে মোবাইল ও কানের দুল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে কানের দুল ও চেইন ছিনিয়ে নেওয়া এবং এক গৃহবধূকে অচেতন করে মোবাইল ফোন ও কানের দুল লুটের অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর ও পৌরসভা এলাকার পন্থিছিলায় এসব ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী লামিয়া সুলতানা (১৭) জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি পৌরসভার নুনাছড়া এলাকার জহুরুল আলমের মেয়ে। পরিবারের অভিযোগ, সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দুই কিশোর তার পথরোধ করে। একপর্যায়ে গলায় ছুরি ধরে তার কানের দুল ও চেইন ছিনিয়ে নেয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে হামলাকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পালিয়ে যায়। লামিয়ার বড় বোন রুমা আক্তার জানান, দুর্গাপূজার ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকায় ওই সময় এলাকাটি নির্জন ছিল। সামনে এসএসসি পরীক্ষা থাকায় লামিয়া সকালে প্রাইভেট পড়তে যাচ্ছিল। হামলাকারীদের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। রুমা আক্তারের দাবি, এর আগে একই কিশোরেরা একাধিকবার লামিয়ার পথ আটকে এক শিক্ষকের বিষয়ে জানতে চেয়েছিল। এ সময় তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয় এবং বিষয়টি ওই শিক্ষককে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। লামিয়া বিষয়টি শিক্ষককে জানানোর কারণে হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের বেলায় অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই করা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অন্যদিকে, একই দিন সকাল ৯টার দিকে পৌরসভা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন পন্থিছিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার কাছে বিবি রহিমা (৩২) নামে এক গৃহবধূ ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি স্থানীয় পুলিশ সদস্য রবিউল ইসলামের স্ত্রী। রবিউল ইসলাম জানান, তার স্ত্রী দুই সন্তানকে মাদ্রাসায় দিয়ে বাড়ি ফেরার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় ওঠার পর কয়েকজন কিশোর তাকে চেপে ধরে এবং চোখে মলম লাগিয়ে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন বলে পরিবারের দাবি। পরে তাকে একই স্থানে ফেলে রেখে দুর্বৃত্তরা চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও একজোড়া কানের দুল নিয়ে যাওয়া হয় বলে জানান তার স্বামী। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জাহেদ বলেন, কয়েক মাস আগে কিছু অজ্ঞাত কিশোর লামিয়া সুলতানার কাছে তার বিষয়ে জানতে চেয়েছিল। বিষয়টি লামিয়া তাকে জানিয়েছিল। তবে কারা এবং কী কারণে তাকে খুঁজছিল, তা তিনি জানেন না। ওই ঘটনার পর থেকে লামিয়া আতঙ্কের মধ্যে রয়েছে বলেও জানান তিনি। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিশোর গ্যাং ও মাদকের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মাদকের টাকা জোগাড় করতে কিশোরদের একটি অংশ ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলে দাবি তাদের। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, পৃথক দুটি ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর