চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় মোঃ আব্দুস সালাম (৪৬) নামে এক দলিল লেখকের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টার দিকে দক্ষিণ মুরাদপুর জামালিয়া দরবার শরীফ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রিফাত (২০) ও জসিম উদ্দীন (৫৫) নামে দুই ব্যক্তি আব্দুস সালামের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর দাবি, সোমবার রাতে রিফাত ও জসিমের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে এবং গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। হামলায় তার পরিহিত পাঞ্জাবি ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর রাত ৯টার দিকে আব্দুস সালাম বাদী হয়ে রিফাত ও জসিম উদ্দীনকে আসামি করে এবং অজ্ঞাত আরও ৬ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী জানান, হামলার পরদিন সকালেও অভিযুক্তরা তার বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও দাবি করেন, চাঁদা দাবির বিষয়ে মোবাইল ফোনে দেওয়া হুমকির অডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানা-র ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, আব্দুস সালাম নামে একজন দলিল লেখকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |