পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আগারগাঁওয়ের এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান।
প্রতিমন্ত্রী বলেন, অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট ল্যান্ডফিল না থাকায় বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হচ্ছে। খোলা জায়গায় বর্জ্য ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এ সমস্যা সমাধানে আধুনিক ল্যান্ডফিল নির্মাণ এবং বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
কর্মশালায় ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। সরকারি অর্থায়নে আয়োজিত গুরুত্বপূর্ণ কর্মশালায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতিকে দায়িত্বে অবহেলা হিসেবে উল্লেখ করেন তিনি।
পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতের অনিয়মের বিষয়েও কথা বলেন মীর শাহে আলম। তিনি বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে অনেক যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে এ ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে জেলাভিত্তিক ও 'ক' শ্রেণির পৌরসভাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
এলজিইডির মাধ্যমে সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির ব্যবস্থা, খাল-জলাশয় সংরক্ষণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ নাগরিক সেবায় হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো পৌরসভায় পরিকল্পিতভাবে সেবা বন্ধ রাখা কিংবা অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সোলার প্যানেল স্থাপনে বরাদ্দ অব্যবহৃত রাখলেও সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচি, যুবকদের দক্ষতা উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়েও সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পৌরসভার প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |