| বঙ্গাব্দ
ad728
ad728

নরসিংদীর ৫ আসনের ৬৬৩ ভোটকেন্দ্রের ৩৯৩টি ঝুঁকিপূর্ণ

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 10-02-2026 ইং
  • 1449 বার পঠিত
নরসিংদীর ৫ আসনের ৬৬৩ ভোটকেন্দ্রের ৩৯৩টি ঝুঁকিপূর্ণ
ছবির ক্যাপশন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নরসিংদীর ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের মোট ৬৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৯৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।

নরসিংদী-১ (সদর) আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ৯৮টি, নরসিংদী-২ (পলাশ ও সদরের তিন ইউনিয়ন) আসনের ৯১টি কেন্দ্রের মধ্যে ৩৭টি, নরসিংদী-৩ (শিবপুর) আসনের ১০১টি কেন্দ্রের মধ্যে ৮২টি, নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব) আসনের ১৬২টি কেন্দ্রের মধ্যে ১১০টি এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ১৬৭টি কেন্দ্রের মধ্যে ৬৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, অতীতের নির্বাচনী সহিংসতার তথ্য বিশ্লেষণ, ভোটকেন্দ্রের অবকাঠামোগত পরিবেশ, সংঘাতপ্রবণ এলাকা, স্থানীয় সামাজিক পরিস্থিতি, যাতায়াত ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।

এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত প্রায় ২৫০টি ভোটকেন্দ্রে স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বডি ক্যামেরাসহ দায়িত্ব পালন করবেন।

নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ৯ লাখ ৭০ হাজার ৯৮৭ জন, পুরুষ ভোটার ১০ লাখ ৩০৪ জন এবং হিজড়া ভোটার ৩৬ জন।

প্রশাসন জানিয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর