চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) নগরীর লালদীঘি পাড়স্থ সিএমপি সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির নেতৃত্ব দেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান।
সভায় রিহ্যাবের পক্ষ থেকে সদস্য, ভূমি মালিক ও ক্রেতাদের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে রিহ্যাব ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট বলেন, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৩৬(১) অনুযায়ী বিরোধের ক্ষেত্রে প্রথমে আপোষে নিষ্পত্তির প্রচেষ্টার বাধ্যবাধকতা রয়েছে। তাই থানায় অভিযোগ গ্রহণের আগে বিষয়গুলো রিহ্যাবের মেডিয়েশন অ্যান্ড কাস্টমার কেয়ার কমিটিতে পাঠানোর অনুরোধ জানান তিনি।
সভায় রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর বলেন, রিহ্যাব সদস্য বহির্ভূত অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারি নীতিমালা না মেনে ভবন নির্মাণ ও রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের অনিয়ম ও প্রতারণার দায় অনেক সময় রিহ্যাবের ওপর বর্তায়, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তিনি এ বিষয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন এবং সিএমপি ও রিহ্যাবের সমন্বয়ে একটি যৌথ মনিটরিং সেল গঠনের আহ্বান জানান।
রিহ্যাবের পরিচালক ও কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন, প্রকল্প বাস্তবায়নের সময় ভূমি মালিক ও প্রভাবশালী মহলের হয়রানির কারণে ডেভেলপার প্রতিষ্ঠানগুলো আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষেত্রে প্রশাসনিক সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী দেশের আবাসন খাতে রিহ্যাবের অবদানের প্রশংসা করেন। তিনি রিহ্যাব সদস্যদের যেকোনো সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন এবং প্রতিটি থানায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি রিহ্যাব সদস্যদের সমস্যার সমাধানে সিএমপির পক্ষ থেকে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি।
এ সময় তিনি আইন মেনে নির্ধারিত সময়ে ভবন নির্মাণের জন্য রিহ্যাব প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিসি (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নুর মোহাম্মদ এবং আশীষ রায় চৌধুরী।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |