চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘আওয়ামী লীগ অনুসারী’ আখ্যা দিয়ে তিন ঠিকাদারকে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। পরে লিফলেট বিতরণের অভিযোগে তাঁদের আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় ও ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নুরুল আবছারের ছেলে রিফাত, একই উপজেলার নুরুল হকের ছেলে নুরুল ইসলাম এবং ফটিকছড়ির ভূজপুর এলাকার আহম্মদ গণির ছেলে আবু জাফর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন ঠিকাদার বিভিন্ন উন্নয়নকাজের দরপত্রে অংশ নিয়ে কাজ পাওয়ার পর সেসব কাজের অগ্রগতি ও তদারকির বিষয়ে খোঁজ নিতে উপজেলা এলজিইডি কার্যালয়ে যান। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাঁদের আওয়ামী লীগের অনুসারী আখ্যা দিয়ে ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর সহায়তায় ওই তিনজনকে আটক করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। তাঁর ভাষ্য, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের অনুসারী ও দোসর।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাঁদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |