আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের জন্য কার্ড সংগ্রহের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। পুরোনো পদ্ধতি বাতিল করে এবার পুরো প্রক্রিয়াকে অনলাইনভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সাংবাদিক ও পর্যবেক্ষকদের আর নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হতে হবে না।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এতদিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড এবং গাড়ির স্টিকার পেতে সরাসরি আবেদন করতে হতো। আবেদন যাচাই ও অনুমোদনের পর কার্ড সরবরাহ করা হতো, যা ছিল সময়সাপেক্ষ এবং এতে নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য ব্যয় হতো।
এই বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কার্ড প্রদান কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড এবং গাড়ির স্টিকারের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
এ লক্ষ্যে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার জন্য একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের pr.ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে।
আবেদন অনুমোদন হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজ নিজ স্থান থেকেই সাংবাদিক কার্ড ডাউনলোড করতে পারবেন। একইভাবে দেশীয় পর্যবেক্ষকরাও তাদের কার্ড ও গাড়ির স্টিকার অনলাইনে সংগ্রহ করতে পারবেন।
কার্ডের জন্য আবেদনের সময় অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন কমিশনের এই উদ্যোগে কার্ড প্রদান প্রক্রিয়া সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এতে সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাপনার সুফল পাওয়া যাবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |