গোপালগঞ্জে জীবিত মাকে মৃত সাজিয়ে জমি বিক্রির অভিযোগ
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ উঠেছে, যেখানে একজন ব্যক্তির বিরুদ্ধে তার নিজের জীবিত মাকে মৃত দেখিয়ে জমি ও বসতভিটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। অভিযোগের মূল হোতা হিসেবে নাম উঠে এসেছে ১৩৩ নং দীঘারকুল দক্ষিণ ঘোষগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিত বিশ্বাসের।
ভুক্তভোগী মা গান্ধারী মন্ডল (৭০) বাদী হয়ে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, গান্ধারী মন্ডলকে মৃত প্রমাণ করে তার ওয়ারিশন সনদ জালিয়াতি করা হয়েছে। সেই জাল সনদের ভিত্তিতে নির্মল মন্ডল ও শিক্ষক অমিত বিশ্বাস তার সম্পত্তি ও জমি নিজের নামে লিখিয়ে নিয়েছে। বর্তমানে বৃদ্ধা গান্ধারী মন্ডল আদালতের পাড়ায় নিজের জীবিত প্রমাণ করতে হাহাকার করছেন।
স্থানীয় সূত্রের দাবি, অমিত বিশ্বাস দীর্ঘদিন ধরেই জমিজমার নথিপত্র জালিয়াতির সঙ্গে যুক্ত এবং তার পরামর্শেই নির্মল মন্ডল এ ধরনের অমানবিক কাজ করেছেন। গান্ধারী মন্ডল কান্নায় ভেঙে পড়ে জানান, “স্বামী মারা যাওয়ার পর থেকেই শিক্ষক অমিত বিশ্বাস আমাদের বসতভিটার ওপর নজর রেখেছিলেন। তিনি আমার ছেলেকে প্ররোচনা দিয়ে আমাকে মৃত সাজিয়ে আমার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছি। আমি এই জালিয়াতির বিচার চাই।”
অভিযোগ অস্বীকার করে শিক্ষক অমিত বিশ্বাস বলেন, “জমি বিক্রির টাকা মা ও ছেলের মধ্যে ভাগ-বাটোয়ারার কারণে ঝামেলা হচ্ছে। নির্মল তাকে টাকা দিয়ে দিলে সব মিমাংসা হয়ে যাবে।” তবে মামলা দায়েরের পর নির্মল মন্ডল পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে গান্ধারী মন্ডল আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের অধিকার ও অস্তিত্ব ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |