ইরানে সরকারবিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমনের জেরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার মধ্যেই তেহরানকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না তারা।
বুধবার (১৪ জানুয়ারি) সৌদি সরকার ও সেনাবাহিনীর ঘনিষ্ঠ দুটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। সেনাবাহিনীর একটি সূত্র জানায়, সৌদি আরব সরাসরি ইরানকে অবহিত করেছে যে, তেহরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে তারা অংশ নেবে না এবং সৌদি ভূখণ্ড বা আকাশপথ কোনোভাবেই ব্যবহার করা যাবে না।
সরকার-সংশ্লিষ্ট অপর একটি সূত্রও জানায়, বিষয়টি কূটনৈতিক মাধ্যমে ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে সৌদি আরবও অন্তর্ভুক্ত। তবে সাম্প্রতিক এই বার্তা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।
এই হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা তাদের ঘাঁটি থেকে ধীরে ধীরে সেনা সরিয়ে নিচ্ছে। কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করে।
উল্লেখযোগ্যভাবে, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। যদিও সে সময় হামলাটি সীমিত ছিল এবং ছোড়া সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়।
বিশেষজ্ঞদের মতে, সৌদি আরবের এই অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে এবং সম্ভাব্য সংঘাতের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |