চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও সুধী সমাবেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকার প্রেস ক্লাবকে দলীয় ক্লাবে পরিণত করেছিল। এর ফলে জনগণের সার্বজনীন প্রতিষ্ঠানগুলো মানুষের কাছে ঘৃণিত হয়ে পড়েছিল।
বুধবার (৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম ক্লাব-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রেস ক্লাব পরিচালিত হবে নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী এবং সেই গঠনতন্ত্র প্রণয়ন ও বাস্তবায়নের এখতিয়ার শুধুমাত্র সদস্যদের। বাইরের কোনো ক্ষমতা দিয়ে এ ধরনের কাজ হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠানের সমস্যা মব কালচার দিয়ে নয়, বরং প্রাতিষ্ঠানিক বিধিবিধানের মধ্য দিয়ে সমাধান করতে হবে।
সভায় তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রেস ক্লাব ভবনের উদ্বোধন করেছিলেন। পরে ধ্বংসস্তূপ থেকে তাঁর নামফলক উদ্ধার করে সংরক্ষণ করা হয়। তিনি বলেন, এ নামফলক পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্য তৈরির উদ্যোগ নেওয়া উচিত।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সংবাদমাধ্যমকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে এবং বহুদলীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে তথ্যমন্ত্রী প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |