আব্দুল আউয়াল মুন্না : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক হাসান মোঃ শওকত আলী। বুধবার (১ এপ্রিল) দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় নতুন অধ্যায়ের সূচনা হলো।
দায়িত্ব গ্রহণকালে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে তিনি সদ্য বিদায়ী কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন নতুন কমিশনার। এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে ন্যায়নিষ্ঠা, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন।
একই সঙ্গে তিনি নগরীর সার্বিক নিরাপত্তা জোরদারে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কঠোর বার্তা দেন।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নতুন কমিশনার হাসান মোঃ শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে সফলতার সাথে দায়িত্ব পালন করে পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন। সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে দায়িত্বে ছিলেন।
নতুন কমিশনারের যোগদানে নগরবাসীর প্রত্যাশা—আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ দেখা যাবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |