| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রাম ওয়াসার কর্মীর বিরুদ্ধে বিভাগীয় মামলা, ‘অসদাচরণ’-এর অভিযোগ

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 17691 বার পঠিত
চট্টগ্রাম ওয়াসার কর্মীর বিরুদ্ধে বিভাগীয় মামলা, ‘অসদাচরণ’-এর অভিযোগ
ছবির ক্যাপশন: চট্টগ্রাম ওয়াসার এক কর্মীর বিরুদ্ধে সরকারি নথি প্রকাশ, উসকানিমূলক পোস্ট ও সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের।

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (চট্টগ্রাম ওয়াসা)-এর এক কর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি নথি প্রকাশ, উসকানিমূলক পোস্ট এবং সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত কর্মী হলেন মোঃ কাজী মহিন উদ্দিন মানিক, যিনি মোহরা পানি শোধনাগারে সহকারী অপারেটর (পাম্প) হিসেবে কর্মরত।

ওয়াসা সূত্রে জানা যায়, তিনি গত ২৮ জানুয়ারি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে চট্টগ্রাম ওয়াসার আনুতোষিক (গ্র্যাচুইটি) বাস্তবায়ন সংক্রান্ত অনুমোদিত নোটশিট ও অফিস আদেশ প্রকাশ করেন। 

কর্তৃপক্ষের মতে, এ ধরনের তথ্য প্রকাশ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর পরিপন্থী এবং অগ্রহণযোগ্য আচরণ।

এছাড়াও, গত ১৭ ফেব্রুয়ারি তিনি তার ফেসবুক আইডি থেকে “চট্টগ্রাম ওয়াসায় ফ্যাসিস্টের দোসররা এখনো বহাল তবিয়তে, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদের অপসারণ করতে হবে” মর্মে একটি পোস্ট দেন, যা প্রতিষ্ঠানবিরোধী হিসেবে বিবেচিত হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৬ ফেব্রুয়ারী দৈনিক জাতীয় পত্রিকার রিপোর্টার মোহাম্মদ ইব্রাহিম চট্টগ্রাম ওয়াসার প্রধান কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে বাধা প্রদান করা হয় এবং তার সঙ্গে অসদাচরণ করে মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি জবাবে দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল এবং পরবর্তীতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে কর্তৃপক্ষের মতে, ঘটনার প্রায় এক মাস পর এবং কারণ দর্শানোর পর জিডি করা হওয়ায় বিষয়টি গ্রহণযোগ্য নয়। পাশাপাশি সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগও তিনি অস্বীকার করেন। কিন্তু এ সংক্রান্ত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ।

চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ জানায়, এসব কর্মকাণ্ড প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং চট্টগ্রাম ওয়াসা কর্মচারী চাকরি প্রবিধিমালা, ২০২০ অনুযায়ী ‘অসদাচরণ’-এর আওতায় পড়ে।

গত ১৬ মার্চ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাকে ১০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ারা বেগম স্বাক্ষরিত অভিযোগনামায় বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর