ভুটানের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোলের ব্যবধান বড় করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে দল। তবে গোল কম হওয়াকে একদিক থেকে ভালোই মনে করছেন জাতীয় দলের মিডফিল্ডার শেখ মোরছালিন।
ভুটান ম্যাচে জ্বরের কারণে মাঠে নামতে পারেননি মোরছালিন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচ সামনে রেখে অনুশীলনে ফিরেছেন তিনি। আজ এবিজি স্পোর্টস সিটির অনুশীলন মাঠে অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই ফুটবলার।
ভুটানের বিপক্ষে বেশি গোল না হওয়া প্রসঙ্গে মোরছালিন বলেন, ‘একদিক থেকে আমি মনে করি, ভালোই হয়েছে। অনেক সময় বেশি গোল দিয়ে ফেললে অতি আত্মবিশ্বাস কাজ করতে পারে (হাসি)। তেমন কিছুর সুযোগ নেই। আমরা এখন গোলের জন্য ক্ষুধার্ত।’
জ্বর থেকে সেরে ওঠায় এখন পুরোপুরি সুস্থ মোরছালিন। শ্রীলঙ্কার বিপক্ষে খেলার ব্যাপারেও আশাবাদী তিনি। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘এখন আমি পুরোপুরি সুস্থ। দলে সুযোগ পেলে ভালো কিছু করতে পারব।’
আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষকে সহজভাবে নিতে নারাজ মোরছালিন। তাঁর মতে, এবারের শ্রীলঙ্কা দল বেশ ভালো। তাই সতর্ক থেকেই ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। তবে ভুটানের বিপক্ষে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন তিনি।
গত সাফ চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান এই মিডফিল্ডার। শুধু ভালো পারফরম্যান্স নয়, ঘরের মাঠে শিরোপা জেতাই তাঁর প্রধান লক্ষ্য। মোরছালিন বলেন, ‘এবার আমাদের ট্রফিটা জিততেই হবে। ঘরের মাঠে খেলা, আমাদের দারুণ একটা সুযোগ।’
ভুটানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও গোলের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বাংলাদেশের উন্নতির প্রয়োজন রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ঘাটতি কাটিয়ে জয় ধরে রাখাই এখন দলের সামনে বড় চ্যালেঞ্জ।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |