চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও ভেজাল দ্রব্যাদি জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জ এলাকার একটি গোডাউনে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় বস্ত্র সামগ্রী এবং ভেজাল দ্রব্যাদি মজুত রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ সোমবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও পুলিশের সমন্বয়ে সেখানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গোডাউনটি তল্লাশি করে প্রায় ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, কাচের ও প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বস্তা, ভেজাল অলিভ অয়েল, অলিভ অয়েল তৈরির উপকরণ এবং বোতলের লেবেলিং সামগ্রী জব্দ করা হয়।
এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা।
তিনি আরও বলেন, চোরাচালান ও ভেজাল পণ্যের বিরুদ্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |