চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এটি মূলত জনগণের ওপর নির্ভরশীল। জনগণ যখন নির্বাচনমুখী হয়, তখন সেটি কেউ আটকাতে পারে না।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে তা ইতিবাচক ভূমিকা রাখবে। একইসঙ্গে নির্বাচন কমিশনের আইন ও ব্যবস্থাপনা এবং গণমাধ্যমের সঠিক তথ্য প্রচারও নির্বাচনের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সব বাহিনী মোতায়েন থাকবে। বর্তমানে প্রায় ৩০ হাজার সেনা মাঠে আছে, যা নির্বাচনের সময় এক লাখে উন্নীত করা হবে। এছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও প্রশাসনও দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়ে গেছে এবং সদস্যসংখ্যাও বাড়ানো হয়েছে।
শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, তাই এর পবিত্রতা রক্ষা করা জরুরি। কোনো ভেতরের বিভাজন এ আয়োজনকে ব্যাহত করতে পারবে না বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য ধর্মের মানুষদেরও তিনি সহযোগিতার আহ্বান জানান।
অস্ত্র উদ্ধারের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের সফল অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, তবে পাহাড়ি এলাকার কারণে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। ফটিকছড়ি ও রাউজানের মতো এলাকায় এখনও অভিযান চলছে এবং নির্বাচনকালেও তা অব্যাহত থাকবে।
ছাত্রলীগের মিছিল প্রসঙ্গে তিনি বলেন, মিছিলগুলো আইনশৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা চলছে। তবে নির্বাচনের সময় রাজনৈতিক কার্যক্রম বাড়বে বলেই ছোটখাটো মিছিলকে বড় সমস্যা হিসেবে দেখা হবে না।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি সত্য সংবাদ প্রচার করেন, তবে গুজব ছড়ানোর সুযোগ কমবে।” তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরও নির্দেশ দিয়েছেন যাতে সঠিক তথ্য গণমাধ্যমে পৌঁছায়।
মিয়ানমার সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে সীমান্ত এলাকায় আরাকান আর্মি আধিপত্য বিস্তার করেছে। তারা মাদকনির্ভরশীল, প্রচুর মাদক পাচার করে। বাংলাদেশ থেকে চাল, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রপ্তানি বন্ধের চেষ্টা চলছে। মাদক মোকাবিলায় ফোর্স বাড়ানো হয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সমস্যায় কোনো হুমকির মুখে নেই। তবে যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানোই মূল লক্ষ্য। দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত হলে সমস্যারও সমাধান হবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |