বাংলাদেশে জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর দেখা যাচ্ছে, বিএনপির বিপুলসংখ্যক নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়ে গেছেন। দলীয় নির্দেশনা, সতর্কতা ও বহিষ্কারের সিদ্ধান্ত উপেক্ষা করেই তারা প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছেন।
সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের ৭৯টি সংসদীয় আসনে বিএনপির মোট ৯২ জন নেতা এখনো বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বহাল রয়েছেন। কোনো কোনো আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জটিল হয়ে উঠেছে।
নির্বাচনের শুরুতে বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রায় ১৯০ জন নেতা ১১৭টি আসনে প্রার্থী হয়েছিলেন। পরবর্তী সময়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কয়েকজনের মনোনয়ন বাতিল হয় এবং শেষ দিনে অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে তারপরও উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী নির্বাচনে থেকে যান।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ইতোমধ্যে অন্তত ১০ জন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে। দলটির পক্ষ থেকে বারবার বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানোর আহ্বান জানানো হলেও তাতে খুব একটা সাড়া পাওয়া যায়নি।
এদিকে, জামায়াতে ইসলামীরও একজন বিদ্রোহী প্রার্থীর তথ্য পাওয়া গেছে। তিনি হলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় গত ২৯ ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
রাজধানী ঢাকাতেও বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি চোখে পড়ছে। ঢাকার মোট ১৫টি আসনের মধ্যে তিনটি আসনে—ঢাকা-৭, ঢাকা-১২ ও ঢাকা-১৪—বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখনো নির্বাচনী মাঠে রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্রোহী প্রার্থীদের এই অবস্থান নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে এবং দলীয় ভোট বিভক্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |