স্পোর্টস ডেস্ক | ২৬ অক্টোবর, চট্টগ্রাম:
তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে লিটন দাসের। তবে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন কেবল টি-টোয়েন্টি ফরম্যাটে। তার নেতৃত্বে টানা চারটি সিরিজ জয় এবং এশিয়া কাপে ফাইনালের দোরগোড়ায় পৌঁছানো — সব মিলিয়ে সংক্ষিপ্ত সংস্করণে লিটনের অধিনায়কত্ব ইতোমধ্যেই প্রশংসিত।
এবার আলোচনায় এসেছে টেস্ট দলের নেতৃত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, এই বিষয়ে বর্তমানে বোর্ড সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করছে।
রোববার (২৬ অক্টোবর) চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে টেস্ট নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হন লিটন দাস।
প্রশ্ন ছিল — টেস্ট দলের নেতৃত্ব নিতে আগ্রহী কি না? জবাবে হাসিমুখে লিটন বলেন,“খেলোয়াড় হিসেবে টেস্ট দলের নেতৃত্ব পাওয়া অনেক বড় অর্জন। আমার মনে হয় না কেউ এই সুযোগ পেলে ‘না’ বলবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানি না। তারা (বিসিবি) যদি মনে করে আমি যোগ্য, নিশ্চয়ই কথা বলবে। দেখা যাক, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে।”
উল্লেখ্য, অতীতেও একাধিকবার অন্তর্বর্তীকালীনভাবে টেস্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এবার যদি তাকে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়, তবে সেটি হবে তার ক্রিকেট ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ধারাবাহিকভাবে ভালো করছে। আফগানিস্তান, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়া দলের মনোবলও এখন তুঙ্গে। তাই অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছেন, টেস্টের নেতৃত্বও যদি লিটনের হাতে আসে, তাতে দল আরও স্থিতিশীল হতে পারে।
বিসিবি সূত্রে জানা গেছে, টেস্ট অধিনায়ক নিয়ে বোর্ডের আলোচনায় আছেন আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটার। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী সপ্তাহেই।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |