বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ‘আপসহীন নেত্রী’কে শেষ বিদায় জানাতে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন তাঁর কফিন কাঁধে তুলে নেন ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হককেও কফিন বহনে অংশ নিতে দেখা যায়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন হয়। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কূটনীতিকরা অংশ নেন।
জানাজা শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। পরিবারের পক্ষে বক্তব্য দেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গোটা জাতির কাছে মায়ের পক্ষ থেকে ক্ষমা চেয়ে তাঁর আত্মার মাগফিরাত ও বেহেশত কামনায় দোয়ার অনুরোধ জানান।
সকাল থেকেই খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন। জানাজার মূল স্থানে জায়গা না পেয়ে খামারবাড়ি, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার ও ধানমন্ডি পর্যন্ত ছড়িয়ে পড়ে শোকাহত মানুষের ঢল। এই শেষ বিদায়ের মুহূর্ত গোটা জাতির হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |