বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। জীবনের দীর্ঘ ৪২ বছর আপনাদের সুখে-দুঃখে কাটিয়েছি। ১৯৯১ ও ২০০১ সালে আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সাতকানিয়া-লোহাগাড়ার অসহায় মানুষের কল্যাণে কাজ করেছি।”
সোমবার বিকেলে সাতকানিয়া হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী মিছিলোত্তর জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে জীবনের ঝুঁকি নিতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার সরকার আমলে প্রায় ৯ বছর কারাবন্দি থাকতে হয়েছে। কারাগারে তাকে ফাঁসির আসামিদের সেলে রেখে নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
শাহজাহান চৌধুরী বলেন, “২০২৪ সালের ৩৬ জুলাইয়ের ঐতিহাসিক গণআন্দোলনের মাধ্যমে বাংলাদেশ মুক্ত হয়েছে। সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১টি দেশপ্রেমিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। সারাদেশের মানুষ আজ একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ।
সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের উদ্দেশে তিনি বলেন, “অবহেলিত সাতকানিয়া-লোহাগাড়াকে একটি আদর্শিক মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে দাঁড়িপাল্লা মার্কায় একটি ভোট ভিক্ষা চাই।”
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক জাফর সাদেক, মোহাম্মদ ইসহাক, মো. নুরুল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেন, “সাতকানিয়া-লোহাগাড়া আলেম-ওলামাদের ময়দান। এখানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে। শাহজাহান চৌধুরী এমপি নির্বাচিত হলে এ অঞ্চল শান্তি ও উন্নয়নের মডেল এলাকায় পরিণত হবে ইনশাল্লাহ।”
এদিকে লোহাগাড়ায়ও পৃথক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুই উপজেলার মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |