ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে দুই বাংলার জনপ্রিয় তরুণ লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল-এর নতুন বই “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)”। ইসলামিক মূল্যবোধভিত্তিক শিশু-কিশোরদের জন্য রচিত এই গল্পগ্রন্থটি ইতোমধ্যেই পাঠকমহলে আগ্রহের সৃষ্টি করেছে।
দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত এই বইটিতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ১৩টি নির্বাচিত গল্প স্থান পেয়েছে। গল্পগুলোতে শিশুদের মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা, মানবিকতা, ধর্মীয় চেতনা এবং সৎ জীবন গঠনের বার্তা তুলে ধরা হয়েছে সহজ ও সাবলীল ভাষায়, যা শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের কাছেও সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী বাইজিদ আহমেদ, যার শিল্পকর্ম বইটির বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং অমর একুশে বইমেলায় ৫৬৫ ও ৫৬৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
নতুন বই প্রকাশ প্রসঙ্গে লেখক শাম্মী তুলতুল বলেন, “আমি এবারের বইমেলায় একটি ইসলামিক গল্পের বই প্রকাশ করেছি। কারণ ইদানীং ইসলামকে অনেকেই বিকৃতভাবে উপস্থাপন করছে। তাই মুসলিম লেখকদের উচিত তাঁদের লেখনীর মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা আরও বেশি করে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে শিশু বয়সেই শিশুদের এসব জানা অত্যন্ত প্রয়োজন। এটি একজন লেখকের দায়িত্বের মধ্যেই পড়ে। পাশাপাশি আমি বিশ্বাস করি, এই কাজটি আমার জন্য সদকায়ে জারিয়া হিসেবেও কাজ করবে।”
তিনি আরও বলেন, “এটি আমার ১৭তম বই। আমার প্রায় সব বই পাঠক মহলে বেস্টসেলার হয়েছে। শিশুসাহিত্য লেখা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, কারণ শিশুদের মনোজগৎ বুঝে তাদের উপযোগী ভাষা ও গল্প নির্মাণ করতে হয়। তাই এই বইটি লেখার সময় আমি বিশেষভাবে চেষ্টা করেছি শিশুদের কাছে বিষয়গুলোকে সহজ, আকর্ষণীয় ও শিক্ষণীয় করে তুলে ধরতে। এই বই নিয়েও আমি পাঠক মহলে অনেক আশাবাদী।”
লেখালেখির পাশাপাশি শাম্মী তুলতুল নিয়মিত খবর পাঠ ও আবৃত্তির সঙ্গেও যুক্ত। সাহিত্যচর্চায় তাঁর অবদান ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এর আগে তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে “চোরাবালির বাসিন্দা”, “গণিত মামার চামচ রহস্য”, “ভূত যখন বিজ্ঞানী”, “নান্টু ঝান্টুর বক্স রহস্য”, “একজন কুদ্দুস” এবং “কবি নজরুল”। এসব বই পাঠকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকগুলো বই বেস্টসেলার হিসেবেও পরিচিতি পেয়েছে।
সাহিত্যবোদ্ধাদের মতে, “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)” শুধু একটি গল্পগ্রন্থ নয়; এটি শিশুদের নৈতিক শিক্ষা, ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে বইটি শিশুদের মধ্যে ইসলামের মানবিক ও ইতিবাচক দিকগুলো তুলে ধরার একটি সৃজনশীল প্রয়াস হিসেবেও বিবেচিত হচ্ছে।
অমর একুশে বইমেলায় নতুন প্রজন্মের পাঠকদের জন্য এমন মূল্যবোধভিত্তিক বই প্রকাশ পাওয়াকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন পাঠক ও সাহিত্যপ্রেমীরা। অনেকেই মনে করছেন, এই ধরনের বই শিশুদের মননশীলতা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |