মায়ানমারে পাচারের সময় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট, তিনটি ফিশিং বোটসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
রবিবার (১৭ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গত শনিবার (১৬ মে) সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন এবং বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত তিনটি বোট ও ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে তারা ফিশিং বোটযোগে মায়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
কোস্ট গার্ড জানিয়েছে, এ ধরনের চোরাচালান ও পাচার কার্যক্রমের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও বাড়ানো হয়েছে।
জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড আরও জানায়, উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |