ঢাকার আদালত থেকে জামিন পেয়ে বের হওয়ার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এ সময় এক ব্যক্তির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ঘটনাটি নিয়ে আদালত প্রাঙ্গণে কিছুক্ষণ উত্তেজনা তৈরি হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহকারীরা পরীমনিকে ঘিরে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় সাংবাদিকেরা তাঁকে জামিন নিয়ে প্রতিক্রিয়া জানতে চান। তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ির দিকে এগিয়ে যান তিনি।
গাড়িতে ওঠার ঠিক আগে মুঠোফোনে ভিডিও ধারণ করা এক ব্যক্তির দিকে ক্ষুব্ধ হয়ে এগিয়ে যান পরীমনি। তাঁকে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’ জবাবে ওই ব্যক্তি বলেন, তিনি গায়ে হাত দেননি, শুধু ভিডিও করছিলেন।
এ সময় পরীমনির সহকারীরাও ওই ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ করেন। প্রায় ৩০ সেকেন্ড ধরে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা চলে। পরে উপস্থিত ব্যক্তিরা পরিস্থিতি সামাল দিলে গাড়িতে উঠে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন পরীমনি।
এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
এর এক দিন পর বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এই চিত্রনায়িকা।
সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি।
শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |