জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশালে যাওয়ার পথে ভালুকায় নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারেক রহমান। পথিমধ্যে তিনি গাড়িবহর থামিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় এক নারীর কাছ থেকে তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সঙ্গে তোলা একটি স্মৃতিবিজড়িত ছবি উপহার হিসেবে গ্রহণ করেন।
শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় তারেক রহমানের গাড়িবহর পৌঁছালে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান। তাঁকে একনজর দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন দলীয় সমর্থক ও সাধারণ মানুষ। এতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
নেতাকর্মীদের উচ্ছ্বাসের প্রতি সাড়া দিয়ে তারেক রহমান গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান। একপর্যায়ে হাতে বাঁধানো একটি ছবি নিয়ে দাঁড়িয়ে থাকা এক নারীর দিকে তাঁর দৃষ্টি যায়। পরে গাড়ির দরজা খুলে ওই নারীকে ভেতরে ডেকে নেন এবং কিছু সময় কথা বলেন। এ সময় তিনি নারীর কাছ থেকে ছবিটি উপহার হিসেবে গ্রহণ করেন।
পরে জানা যায়, ওই নারীর নাম মোছা. মলি আক্তার। তিনি ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবুল হাশেমের ভাতিজি এবং মরহুম আব্দুল হাইয়ের মেয়ে।
মলি আক্তার জানান, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভালুকা ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় এসেছিলেন। সে সময় তাঁর চাচা আবুল হাশেম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তখন তিনি ফুলের তোড়া দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছিলেন। সেই মুহূর্তের একটি ছবি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেছিলেন।
তিনি বলেন, “তারেক রহমান ভালুকা হয়ে ত্রিশালে যাবেন—এ খবর পেয়ে আমি ও আমার দুই বোন আগে থেকেই বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলাম। ছবিটি হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলাম যেন তাঁর নজরে পড়ে। পরে তিনি আমাকে ডেকে নেন, কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। এরপর আমি ছবিটি তাঁকে উপহার দিই।”
স্থানীয় নেতা-কর্মীরা জানান, তারেক রহমানের এই সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার ঘটনা তাঁদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, জাতীয় নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছিলেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর খনন করা ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন এবং দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |