চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাতের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জড়িত সাদা প্রাইভেট কার শনাক্তের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসস্ট্যান্ডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এর মধ্যে ছিল—‘সাদা গাড়ির চালকের সন্ধান চাই’ এবং ‘দ্রুত ফুটওভার ব্রিজ চাই’।
শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনার সঙ্গে জড়িত ছোট সাদা প্রাইভেট কারটি শনাক্ত করতে হবে। তাঁদের ধারণা, গাড়িটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।
গত ৩ নভেম্বর সংঘটিত বাস দুর্ঘটনায় আইআইইউসির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহত হন। এ ঘটনার পর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিভিন্ন দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, একটি সাদা প্রাইভেট কারের আকস্মিক ভুল সিদ্ধান্তের কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে মাইশার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী নাদিম আল ওয়াহিদ বলেন, অধিকাংশ শিক্ষার্থীর ধারণা, প্রাইভেট কারটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, গাড়িটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। দুর্ঘটনার পর ডালাস ফিলিং স্টেশনের ভেতর দিয়ে ঘুরে আবার চট্টগ্রাম অভিমুখে চলে যায়।
তিনি বলেন, গাড়িটি শনাক্ত করা গেলে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। দ্রুত গাড়িটি শনাক্ত ও ফুটওভার ব্রিজ নির্মাণসহ অন্যান্য দাবি পূরণ না হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবেন।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা গাড়িটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বলে দাবি করলেও শনাক্ত না হওয়া পর্যন্ত এর মালিকানা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। গাড়িটি শনাক্তের জন্য ইতোমধ্যে তিনটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত গাড়িটি শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা মনির চৌধুরী বলেন, মামলার তদন্তকারী পুলিশ সদস্যরা প্রাইভেট কারটি শনাক্তের চেষ্টা করছেন।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |