চট্টগ্রামের রাউজান উপজেলায় চাঁদা না দেওয়ার জেরে আপস-মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী ও তাঁর স্বজনদের ওপর ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনার সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে ঘর ভাঙচুর এবং স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। তবে প্রধান অভিযুক্ত সরোয়ারকে এখনও রয়েগেছে ধরা ছোঁয়ার বাইরে।
গত রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় চিহ্নিত সন্ত্রাসী সারোয়ারের নেতৃত্বে এই সশস্ত্র হামলা চালানো হয়।
আহতরা হলেন—সৌদি প্রবাসী ইলিয়াস আলী ও রুহুল আমিন। বর্তমানে তাঁরা চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে চিহ্নিত সন্ত্রাসী সারোয়ারের নেতৃত্বে ১০টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল উত্তরপাড়া এলাকায় প্রবেশ করে।
হামলার শিকার প্রবাসী ইলিয়াস আলী অভিযোগ করে বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসী সারোয়ার গত দুই মাস ধরে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় সে ক্ষুব্ধ হয়ে বাহিনী নিয়ে এই হামলা চালায়। ঘটনার রাতে সারোয়ার ও তার সহযোগীরা আপসের কথা বলে আমাকে ও রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেখানে পৌঁছামাত্রই দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাদের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত ও মারধর করা হয়।’
তিনি আরও জানান, হামলাকারীরা শুধু তাঁদের ওপর ক্ষান্ত হয়নি; বরং বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী, ছেলের বউসহ পরিবারের অন্য সদস্যদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
পরে আশপাশের লোকজন ভুক্তভোগীদের চিৎকারে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করেন এবং দ্রুত চিকিৎসার জন্য নগরের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আপসের কথা বলে ইলিয়াস আলী ও তাঁর ছোট ভাই রুহুল আমিনকে ডেকে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় তাঁদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি চাঁদাবাজির উদ্দেশ্যে ঘটেছে বলেই প্রতীয়মান হচ্ছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে বাবুল নামের এজাহারভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘প্রবাসীর ওপর হামলার বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। জননিরাপত্তা রক্ষায় অপরাধী যেই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |