বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও সদ্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে সম্ভাব্য মনোনয়ন প্রাপ্ত কামরুল হুদাকে কেন্দ্র করে দলের ভেতরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, তাঁর পদ ও ক্ষমতায় অনিয়ম, দলীয় অবস্থানে অনুপ্রবেশ এবং ব্যবসায়িক স্বার্থের কারণে স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করছেন।
আওয়ামী লীগ-ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক ও দলের একাংশের অভিযোগ, ২০০৬ সাল থেকে কামরুল হুদা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রহমত উল্লাহ বাবুল এবং সহসভাপতি মো. আলী আসওয়াবের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বে রয়েছেন। এর কারণে তাঁকে স্থানীয়ভাবে “আওয়ামী লীগের বি-টিম” হিসেবে উল্লেখ করা হচ্ছে।
বিতর্কিত নিয়োগ ও অর্থ লেনদেনের অভিযোগ
নবগঠিত উপজেলা বিএনপি কমিটিতে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ-ঘনিষ্ঠ কিছু ব্যক্তিকে বিপুল টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে। এতে আন্দোলনে সক্রিয় নেতারা বাদ পড়ছেন। উদাহরণ হিসেবে ছাত্রদলের নবনিযুক্ত সেক্রেটারি আবির, যিনি সাবেক চেয়ারম্যান পাশার ছেলে এবং একসময় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন, নিয়োগের মাধ্যমে দলের তৃণমূলের বাইরে রাখা হয়েছে। যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন লালটু ও রিয়াজ উদ্দিনকেও একই ধরনের অভিযোগে চিহ্নিত করা হয়েছে।
ভাইরাল ছবি ও রাজনৈতিক প্রশ্ন
সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে কামরুল হুদা বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি ওলামা লীগ নেতা হাবিবুর রহমান কাচপুরীর সঙ্গে একই গাড়িতে ভ্রমণ করছেন। এ ঘটনায় তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে বৈঠকের ছবিও স্থানীয় রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করেছে।
ব্যবসায়িক অনিয়মের অভিযোগ
কামরুল হুদার অংশীদারিত্ব থাকা মিয়া বাজার সিএনজি ফিলিং স্টেশন লিমিটেডের বিরুদ্ধে গ্যাস মিটার টেম্পারিংসহ চারটি ঘটনায় প্রায় ১১ কোটি ৮৩ লাখ টাকার আর্থিক দায় নির্ধারণ করেছে বাংলাদেশ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয়ে হাইকোর্ট ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) একাধিক মামলা চলছে।
কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোর উদ্যোগ
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির এক শীর্ষ নেতা জানান, বিষয়টি ইতোমধ্যেই কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কেন্দ্রীয় নেতৃত্ব উপজেলা কমিটি ও মনোনয়ন পুনর্বিবেচনা করতে পারেন।
তৃণমূলের প্রতিক্রিয়া
এক সিনিয়র স্থানীয় নেতা বলেন, “যারা আন্দোলনে ছিল, তারা বাদ পড়ছে; অথচ আওয়ামী লীগের ঘনিষ্ঠরা নেতৃত্বে আসছেন। এটা হতাশাজনক।”
এক তরুণ নেতা বলেন, “দলীয় নেতৃত্বে টাকার প্রভাব বাড়ছে, ফলে মাঠের কর্মীরা নিরুৎসাহিত হচ্ছেন।”
তাদের আশঙ্কা, এই অসন্তোষ চলতে থাকলে তৃণমূল সংগঠন আরও দুর্বল হয়ে পড়তে পারে।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তাই সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |