নরসিংদীর রায়পুরা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ কম্বিং অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রায়পুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিক। সংবাদ সম্মেলনে নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা এবং সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) সকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নওয়াব পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— শীর্ষ সন্ত্রাসী শুটার ইকবাল ওরফে আকবর (৩৫) এবং তোতা মিয়ার ছেলে মো. জালাল উদ্দিন (৫৫)।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে— ২টি একনলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি রামদা, ২টি ডেগার, ৪টি ছুরি, ২টি চাপাতি, ৮টি কার্তুজ, ৭.৬২ মিমি চায়না রাইফেলের ৫০ রাউন্ড গুলি, ৩টি দেশীয় বোমা, ১১টি পটকা, ১টি ব্লেডযুক্ত ছ্যাকু, ২টি বন্দুকের কভার, ১৫টি বাটন মোবাইল, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ক্যাপলেস ম্যানিব্যাগ ও ১টি জাতীয় পরিচয়পত্র।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ওই এলাকায় অস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসীরা অবস্থান করছে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে এবং তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষার দড়িগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক প্রবাসী যুবক নিহত হন এবং আরও দুইজন আহত হন। ওই ঘটনার পর চরাঞ্চলে শান্তি ফেরাতে কম্বিং অপারেশন জোরদার করে যৌথ বাহিনী।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |