ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের হয়রানি কমাতে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের এই অ্যাপের মাধ্যমে ভোটাররা সহজেই জানতে পারবেন—তারা কোন ভোটকেন্দ্রের ভোটার।
এই অ্যাপে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর প্রদান করলেই সংশ্লিষ্ট ভোটারের ভোটকেন্দ্রের নাম, ঠিকানা ও অবস্থান সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে।
এ বিষয়ে ইসি’র জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘Smart Election Management BD’ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর—উভয় প্ল্যাটফর্ম থেকেই ডাউনলোড করা যাবে।
অ্যাপটির মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, কেন্দ্রের দূরত্ব ও ম্যাপ দেখা যাবে। পাশাপাশি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচনী ফলাফল এবং অন্যান্য নির্বাচন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় আরও সক্রিয়, সচেতন ও অংশগ্রহণমূলক করে তুলতেই এই অ্যাপ চালু করা হয়েছে। বিশেষ করে প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটার বা যাদের ভোটকেন্দ্রের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা নেই—তাদের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে।
ইসি মনে করছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার নির্বাচনী ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ডিজিটাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অ্যাপ শুধু ভোটকেন্দ্র খোঁজার মাধ্যম নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়াকে ডিজিটালাইজ করার একটি কার্যকর পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |