রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন (৪০)-কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ইউনিয়নের ‘সিনেমা হল’ এলাকায় নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য মামুন। বাসার সামনে পৌঁছামাত্র ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।
১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গুরুতর আহত অবস্থায় মামুন মেম্বারকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার দাবি করছি।”
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “ইউপি সদস্যের মাথা ও হাতে গুরুতর আঘাত রয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
এদিকে, জনবহুল এলাকায় একজন জনপ্রতিনিধির ওপর এমন হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |