গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইলমা খানম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ইলমা খানম ওই গ্রামের বাসিন্দা রবিউল শেখের মেয়ে। সে স্থানীয় বড় পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের একমাত্র আদরের সন্তান হওয়ায় তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সকালে স্কুলে যায় ইলমা। দুপুরে ক্লাস শেষে বাড়ি ফিরে আসে সে। বাড়িতে ফিরে কিছুক্ষণ খেলাধুলা করার পর বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় শিশুটি।
কিছুক্ষণ পর ইলমাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বাড়ি, উঠান ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে খোঁজ শুরু করা হয়। স্থানীয়দের সহায়তায় পুকুরে জাল ফেলা হলে ইলমাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এমন ঘোষণায় পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের কান্নায় হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, গ্রামের অনেক বাড়ির পাশেই পুকুর থাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে সবসময় ঝুঁকি থাকে। অসাবধানতাবশত প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। শিশুদের একা পুকুরে যেতে না দেওয়া এবং পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন তারা।
কাশিয়ানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ইলমা বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পুরো বড় পারুলিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরা ছোট্ট ইলমার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |