ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয় জীবনের শুরুতে প্রথম নাটকের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ১০ হাজার টাকা। সময়ের সঙ্গে নিজের অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তায় তৈরি করেছেন আলাদা অবস্থান। বর্তমানে একটি নাটকে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক দেড় লাখ টাকা।
২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন কেয়া পায়েল। নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রথম কাজেই প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।
অভিনয়ে আসার আগে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন কেয়া। পরে তাহসান, হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুলের গানের ভিডিওতে মডেল হওয়ার সুযোগ পান। এসব কাজের মাধ্যমেই নজরে আসেন নাট্যনির্মাতাদের।
‘অবুঝ মন’ বদলে দেয় ক্যারিয়ার
অভিনয় জীবনের উল্লেখযোগ্য মোড় আসে ২০২০ সালে মুক্তি পাওয়া ‘অবুঝ মন’ নাটকের মাধ্যমে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটিতে কেয়ার সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। করোনা মহামারির সময় নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এরপর ‘পারব না আমি ভুলতে তোকে’সহ একাধিক নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। কেয়া পায়েলের ভাষ্য অনুযায়ী, এই দুটি নাটকই তাঁর অভিনয়জীবনের গতি বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চার শতাধিক নাটকে অভিনয়
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। অপূর্ব, চঞ্চল চৌধুরী, মুশফিক ফারহান ও তৌসিফের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি।
‘তিরন্দাজ’, ‘ট্রাম্প কার্ড’, ‘মনের আড়ালে’, ‘বিয়ের সাইড ইফেক্ট’, ‘শুভ + নিলা’ ও ‘হৃদ মাঝারে’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন কেয়া।
অভিনয় জীবনের ছয় বছরে চার শতাধিক নাটকে কাজ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে শতাধিক নাটক ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে।
এখন নাটকপ্রতি পারিশ্রমিক দেড় লাখ
প্রথম নাটকে ১০ হাজার টাকা পারিশ্রমিক পাওয়া কেয়া পায়েলের বর্তমান পারিশ্রমিক নাটকপ্রতি প্রায় দেড় লাখ টাকা। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কেয়া জানিয়েছেন, অর্থের পেছনে না ছুটে অভিনয়ে মনোযোগী থাকতে চান তিনি। তাঁর বিশ্বাস, ভালো কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে পারলে একসময় অর্থই শিল্পীর পেছনে ছুটবে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |