সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর আরও তিনজন অনুসারীকে বহিষ্কার করেছে দলটি। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।
বহিষ্কৃতরা হলেন — সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ।
বহিষ্কারের খবর প্রকাশের পর নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“অবৈধ বহিষ্কার আদেশ আমরা মানি না। নেতাকর্মীদের বহিষ্কার করে আসলাম চৌধুরীর জনপ্রিয়তাকে দমন করা সম্ভব নয়।”
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর বলেন,
“বহিষ্কারাদেশ সম্পর্কে আমি এখনো কিছু জানি না। তবে এভাবে নেতাকর্মীদের বহিষ্কার করে লায়ন আসলাম চৌধুরীর জনপ্রিয়তাকে দমিয়ে রাখা যাবে না। এই আদেশ আমরা পরোয়া করি না।”
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন বলেন,
“আমি সংগঠনবিরোধী বা দেশবিরোধী কোনো কাজ করিনি। তাই এই অবৈধ বহিষ্কার আদেশ মানি না।”
এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শুক্রবার (৭ নভেম্বর) সীতাকুণ্ডে আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিনের অনুসারীরা পৃথকভাবে অনুষ্ঠান আয়োজন করেন। কাজী সালাউদ্দিনের অনুসারীরা সীতাকুণ্ড পৌর সদরে র্যালি ও পথসভা করেন, অপরদিকে আসলাম চৌধুরীর অনুসারীরা বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা আয়োজন করেন। এর কিছুক্ষণের মধ্যেই বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বহিষ্কারাদেশ আসে।
এর আগে গত সোমবার (৩ নভেম্বর) চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী হিসেবে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। এতে মনোনয়ন থেকে বাদ পড়েন লায়ন আসলাম চৌধুরী। খবরটি ছড়িয়ে পড়ার পর তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। প্রায় চার ঘণ্টাব্যাপী এই অবরোধের পর রাতেই রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় — অবরোধে সম্পৃক্ততার দায়ে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের আরও চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |