নির্বাচনের স্বচ্ছতা প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনগুলো নিয়ে আজও বড় কোনো প্রশ্ন ওঠে না। কারণ ওই নির্বাচনগুলো ছিল স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক। জনগণ সরাসরি নির্বাচন প্রক্রিয়া প্রত্যক্ষ করেছে বলেই সেসব নির্বাচন নিয়ে বিতর্ক হয়নি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৯৪ সালে বিএনপি সরকারের সময়ে এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং সে নির্বাচন নিয়েও কোনো বিতর্ক সৃষ্টি হয়নি। পরবর্তীতে চারদলীয় জোট সরকারের আমলেও তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন, তখনও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়নি। এর কারণ হিসেবে মেয়র বলেন, বিএনপি কখনও নির্বাচনী প্রক্রিয়ায় ‘নগ্ন হস্তক্ষেপ’ করেনি।
তিনি আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা মহিউদ্দিন চৌধুরীর সময় দেখা যায়নি। এতে নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাংবাদিকতার ভূমিকা কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গণমাধ্যম রাজনৈতিক নেতৃত্ব তৈরি, জনমত গঠন এবং গণআন্দোলনের দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আশির ও নব্বইয়ের দশকে ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতির বিকাশে সাংবাদিকদের অবদান ছিল অনস্বীকার্য।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিআইবির পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।
এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের উপকমিটির উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত, সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম এবং পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম পারভেজ, মাইনুদ্দীন, জীবন মুছা ও আজিজা হক পায়েল।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি ডেইজি মওদুদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিআইবির আয়োজনে দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |