দেশে চলমান সংস্কার উদ্যোগের পাশাপাশি আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এ লক্ষ্যেই দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। তবে এই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সরাসরি সম্মতি অপরিহার্য। সে কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে।
এক বার্তায় প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে বলেন,
“গণভোটে অংশ নিন। আপনার সম্মতি দিন।”
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই এই গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বাংলাদেশ বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্তির পথে এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না; গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে জনগণের সম্মতি বাধ্যতামূলক হবে।
তিনি আরও বলেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিদের নির্বাচন নিশ্চিত করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে এবং সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে।
ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদে একটি উচ্চকক্ষ গঠনের পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার আরও সুরক্ষিত করার অঙ্গীকার করেন তিনি।
জুলাই সনদের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তাবের মধ্যে রয়েছে—রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার সাংবিধানিক স্বীকৃতি, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতির ইচ্ছামতো ক্ষমা প্রদানের সুযোগ সীমিত করা এবং সব ক্ষমতা কেবল প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত না রাখা। সনদে এ ধরনের আরও একাধিক যুগান্তকারী প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি।
শেষে দেশ পাল্টে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন,
“ইনশাআল্লাহ সবাই মিলে দেশ গড়ার কাজে অংশ নেবো।”
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |