| বঙ্গাব্দ
ad728
ad728

রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জনে মুখ খুললেন আজমেরী হক বাঁধন

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 20-01-2026 ইং
  • 148891 বার পঠিত
রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জনে মুখ খুললেন আজমেরী হক বাঁধন
ছবির ক্যাপশন: রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

নাটক, মডেলিং ও সিনেমায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে দর্শকদের মনে শক্ত অবস্থান তৈরি করা অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে ঘিরে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট অবস্থান জানালেন এই জনপ্রিয় অভিনেত্রী।

দেশের গণ্ডি পেরিয়ে বলিউডে অভিনয়, কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা অর্জন এবং সামাজিক নানা ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে বাঁধন বরাবরই আলোচনায় থাকেন। বিশেষ করে জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া ও রাজপথ—দুই জায়গাতেই সরব উপস্থিতির কারণে অনেকেই ধরে নেন, তিনি হয়তো সক্রিয় রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছেন।

এরই মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ) আত্মপ্রকাশ করে। এই প্ল্যাটফর্মের তিন মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয় ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও নাজিফা জান্নাতের নাম। পাশাপাশি ১০১ সদস্যের একটি কেন্দ্রীয় কাউন্সিলও গঠন করা হয়।

নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মীদের সঙ্গে আজমেরী হক বাঁধনের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নতুন আলোচনা। অনেকেই ধারণা করতে থাকেন, অভিনেত্রী হয়তো এই নতুন রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন।

তবে এসব গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন বাঁধন নিজেই। তিনি বলেন, “যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়। আমার রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই।”

এ বিষয়ে আরও স্পষ্ট করে বাঁধন জানান, নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত অনেকের সঙ্গেই তার ব্যক্তিগত পরিচয় রয়েছে। সেই সূত্রেই তাদের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন।

তিনি বলেন, “যারা নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা সবাই ভালো মানুষ। তাদের অনেকের সঙ্গে আমার আগে থেকেই পরিচয় আছে। দেখা-সাক্ষাৎ হওয়া মানেই রাজনীতিতে যুক্ত হওয়া—এমনটা ভাবার কোনো কারণ নেই।”

রাজনৈতিক আলোচনা ছাড়াও কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি রুবাইয়াত হোসেন পরিচালিত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর শুটিং শেষ করেছেন। পাশাপাশি রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমা ‘মাস্টার রটারড্যাম’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কমপিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে।

এ ছাড়া বর্তমানে তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন আজমেরী হক বাঁধন। ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর