নতুন বাংলাদেশ গড়তে হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন বা প্রযুক্তিগত অগ্রগতি যথেষ্ট নয়; প্রয়োজন মানুষের বিবেক, মানবিকতা ও মূল্যবোধের জাগরণ। কেবল শিক্ষক, কর্মকর্তা বা অভিভাবক হিসেবে নয়, মানুষ হিসেবেও প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত “নতুন বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিংয়ের ভূমিকা” শীর্ষক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সমাজে মানুষ প্রতিনিয়ত প্রতিযোগিতার মধ্যে ছুটছে। কিন্তু সেই প্রতিযোগিতার দৌড়ে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো হারিয়ে যাচ্ছে। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদ-পদবি নয়, বরং তার মানবিক সত্তা।
তিনি বলেন, মানুষের মধ্যে মানবিকতা না থাকলে তার মূল্যও থাকে না। স্কাউটিংয়ের মূল দর্শনই হলো দায়িত্বশীল, সৎ ও বিবেকবান মানুষ গড়ে তোলা। তাই শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান প্রজন্ম শুধু বই থেকে নয়, শিক্ষকদের আচরণ ও জীবনাচরণ থেকেও শিক্ষা গ্রহণ করে। তাই শিক্ষকদের নিজেদেরও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
দেশের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের শ্রম, মেধা ও সৃজনশীলতাই দেশের প্রকৃত শক্তি। এই শক্তিকে কাজে লাগাতে দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার চর্চা জরুরি।
প্রযুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের যুগে মানুষের শ্রেষ্ঠত্ব তার মানবতা, সততা ও দায়িত্ববোধে। বিবেক ও মূল্যবোধ হারিয়ে গেলে প্রযুক্তিই একসময় মানুষের ওপর প্রভাব বিস্তার করবে।
মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব নয়। মানবিক মূল্যবোধের বিকাশ ছাড়া এসব সমস্যার স্থায়ী সমাধান আসবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমদ।
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন। সংগঠনের সহ-সভাপতি সিদ্দিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন।
অনুষ্ঠান শেষে স্কাউটিংয়ে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা এবং আলহাজ্ব এয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |