প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ইন্টার্নশিপ সম্পন্নকারী শিক্ষার্থীদের নিয়ে ‘ইন্টার্নশিপ কমপ্লিশন সেরিমোনি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবাল এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তরি আইটির লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইচ. এম. মহিউদ্দিন ইসলাম, অথেনটিক ফোর টেকনোলজির চিফ অপারেটিং অফিসার প্রিয়তোষ দাস তুষার ও চিফ টেকনোলজি অফিসার ইমতিয়াজ উদ্দিন রিয়াদ, ডিজিটাল ডট নেটের (ডিডিএন) হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. রবিউল হোসাইন রাকিব এবং নেটওয়ার্ক মেইনটেন্যান্স অ্যান্ড সাপোর্ট বিভাগের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী আবদুল হাই খান।
ইন্টার্নশিপ বাস্তব কর্মদক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম: উপাচার্য
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, শিক্ষার্থীদের অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের সুযোগ তৈরিতে ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতামূলক সম্পর্ক শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।
তিনি ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও শেখার মানসিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের পরামর্শ দেন।
প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মেলানোর আহ্বান ট্রেজারারের
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, তথ্যপ্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ করে তুলতে হবে। নতুন প্রযুক্তি, পদ্ধতি ও কর্মপরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সেগুলো ব্যক্তিগত ও জাতীয় উন্নয়নে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ইন্টার্নশিপ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে বাস্তব ধারণা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিল্প-একাডেমিয়া সহযোগিতার ওপর গুরুত্ব
প্রকৌশল অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবাল তাঁর বক্তব্যে বলেন, শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা গুরুত্বপূর্ণ।
স্নাতক সম্পন্ন করার আগেই কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন এবং বাস্তব প্রকল্পে কাজের সুযোগ শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করে। এ ধরনের সুযোগ আরও সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
শেখার সুযোগ ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, কর্মজীবনের শুরুতে শুধু বেতনের বিষয়টি বিবেচনা না করে কাজের পরিবেশ, শেখার সুযোগ এবং পেশাগত অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেওয়া উচিত।
নতুন কর্মীদের কোনো প্রতিষ্ঠানে পর্যাপ্ত সময় দিয়ে কাজ শেখা, প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করা এবং নতুন জ্ঞান অর্জনের মানসিকতা বজায় রাখার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাও শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতার মধ্যে সংযোগ তৈরির পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |