| বঙ্গাব্দ
ad728
ad728

নাচে-আবৃত্তিতে মুগ্ধতা, বক্তব্যে সাহস, জুওয়ানা যেন সম্ভাবনার এক উজ্জ্বল নাম

রিপোর্টারের নামঃ ফিচার নিউজ
  • আপডেট টাইম : 07-11-2026 ইং
  • 297 বার পঠিত
নাচে-আবৃত্তিতে মুগ্ধতা, বক্তব্যে সাহস, জুওয়ানা যেন সম্ভাবনার এক উজ্জ্বল নাম
ছবির ক্যাপশন: নাচ, আবৃত্তি, উপস্থাপনা ও বক্তব্য প্রদানে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছে ১৩ বছর বয়সী জুওয়ানা মোস্তাফিজ।

মাত্র ১৩ বছর বয়স। এই বয়সেই নাচ, আবৃত্তি, উপস্থাপনা ও বক্তব্য প্রদানে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে জুওয়ানা মোস্তাফিজ। সাংস্কৃতিক অঙ্গনে একের পর এক অভিজ্ঞতা ও অর্জনে এগিয়ে চলেছে সে। সাহস, মেধা ও সৃজনশীলতায় জুওয়ানা যেন সম্ভাবনাময় এক কিশোরী প্রতিভা।

২০১৩ সালের সেপ্টেম্বর মাসে জন্ম নেওয়া জুওয়ানা রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার ইংরেজি ভার্সনে সপ্তম শ্রেণিতে পড়ছে। তার শিক্ষাজীবনের শুরু মিরপুরের মিশনারিজ ড্যাপ স্কুলে।

প্লে-নার্সারিতে পড়ার সময় থেকেই স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ তৈরি হয় তার। নাচ, কবিতা ও ছড়ার প্রতি ভালো লাগা থেকেই ধীরে ধীরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয় জুওয়ানা। সামাজিক যোগাযোগমাধ্যমে মজার কোনো বিষয় দেখলে তা অনুকরণ করে দেখানোর প্রবণতাও ছিল ছোটবেলা থেকেই। সেই আগ্রহই একসময় নাচ ও আবৃত্তির প্রতি গভীর ভালোবাসায় রূপ নেয়।

পড়াশোনার পাশাপাশি বর্তমানে নিয়মিত নাচ ও আবৃত্তি শিখছে সে। মা রাবেয়া চৌধুরীর ছোটবেলায় নৃত্যের প্রতি আগ্রহ থাকায় জুওয়ানার নাচের হাতেখড়ি মায়ের কাছেই। পরে বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক ফাহমিদা কাকলীর কাছে শুরু হয় তার প্রাতিষ্ঠানিক নৃত্যশিক্ষা। আবৃত্তি শিখছে বাংলাদেশ বেতারের উপস্থাপক শফিকুল ইসলাম বাহারের কাছে। বর্তমানে বাংলাদেশ শিশু একাডেমির সিনিয়র শাখায় প্রান্তিক দেবের কাছে ভরতনাট্যমের দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছে সে।

নৃত্যশিল্পী হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ শিশু একাডেমির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশংসা ও পুরস্কার অর্জন করেছে জুওয়ানা। পাশাপাশি নৃত্যাঙ্গন আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে দুবার দলীয় নৃত্যে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে সে।

নাচের পাশাপাশি বক্তব্য প্রদানের ক্ষেত্রেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছে এই কিশোরী। ঢাকা জেলা প্রশাসন আয়োজিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে শিশুবক্তা হিসেবে পরপর দুই বছর বক্তব্য দিয়ে প্রশংসা অর্জন করে জুওয়ানা। পরবর্তী বছর একই অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করে বক্তব্য দেয় সে। ওই আয়োজনে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য এবং বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। অল্প বয়সে এমন দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণের পরিচয় বহন করে।

বাংলাদেশ বেতারের বিভিন্ন দিবসভিত্তিক অনুষ্ঠানেও অংশ নিয়েছে জুওয়ানা। বিজয় দিবস ও বিশ্ব বেতার দিবসের আয়োজনে দলীয় নৃত্যে অংশগ্রহণ করেছে সে। এ ছাড়া শিশুদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা ও এসএ টিভির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা, কবিতা আবৃত্তি, একক ও দলীয় নৃত্যে অংশ নিয়েছে।

একুশের বইমেলায় শিশু প্রতিবেদক হিসেবে এটিএন বাংলার ‘শাপলা-শালুক’ অনুষ্ঠানেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের তালিকাভুক্ত আবৃত্তিশিল্পী ও নাট্যশিল্পী হিসেবে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছে জুওয়ানা।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি গান গেয়েও পুরস্কার পেয়েছে সে। তবে পড়াশোনার ব্যস্ততায় নাচ ও আবৃত্তির মতো গানের চর্চায় এখনো নিয়মিত সময় দিতে পারছে না। ভবিষ্যতে কী হতে চায়—এমন প্রশ্নে জুওয়ানার উত্তরও বেশ ব্যতিক্রমী। তার স্বপ্ন দুই মামার মতো সেনা কর্মকর্তা হওয়া।

সাংস্কৃতিক চর্চার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের প্রতিও রয়েছে তার শ্রদ্ধা ও আগ্রহ। ২০১৯ সালে বাবা-মায়ের সঙ্গে ওমরাহ পালন করেছে জুওয়ানা।

মেয়ের এই অগ্রযাত্রায় মা-বাবার অনুপ্রেরণা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মা রাবেয়া চৌধুরী আইন বিষয়ে পড়াশোনা করেছেন। কয়েক বছর আদালতে আইন পেশায় যুক্ত থাকার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন। তবে বর্তমানে মেয়ের পড়াশোনা, সাংস্কৃতিক চর্চা ও সার্বিক বিকাশে সময় দিচ্ছেন তিনি।

জুওয়ানার বাবা মো. মোস্তাফিজুর রহমান কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত। বেতার ও টেলিভিশনে কর্মকালীন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ২০টি পুরস্কার অর্জন করেছেন তিনি।

বাবা-মায়ের একমাত্র সন্তান জুওয়ানা। তাদের ভালোবাসা, অনুপ্রেরণা ও সহযোগিতায় নিজের আগ্রহ ও স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে সে। ছোটবেলার শখ থেকে শুরু হওয়া সাংস্কৃতিক চর্চা ভবিষ্যতে তাকে আরও বড় পরিসরে পরিচিত করে তুলবে—এমন প্রত্যাশা পরিবারের। জুওয়ানার সুন্দর ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্বজনেরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর