| বঙ্গাব্দ
ad728
ad728

মুক্তির পর ফের ঝটিকা মিছিলে নেতৃত্বের অভিযোগ, শাহ আলমের বিরুদ্ধে তিন মামলা

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 01-11-2026 ইং
  • 208 বার পঠিত
মুক্তির পর ফের ঝটিকা মিছিলে নেতৃত্বের অভিযোগ, শাহ আলমের বিরুদ্ধে তিন মামলা
ছবির ক্যাপশন: অস্ত্র, জুলাই হত্যা ও নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্বের অভিযোগে মামলার আসামি মো. শাহ আলম সিকদার।

চট্টগ্রাম নগরে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র হত্যা, অস্ত্র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তিনটি মামলার আসামি মো. শাহ আলম সিকদার। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তার হয়ে ১৫ দিন কারাভোগের পর মুক্তি পান তিনি। পরে নগরের লালখান বাজার এলাকায় ফের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।


কোতোয়ালী থানা-পুলিশ জানিয়েছে, শাহ আলম সিকদারের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।


অস্ত্র মামলার নথিতে পলাতক আসামি


অস্ত্র মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালানো হয়। পরদিন ২৩ ফেব্রুয়ারি অস্ত্র আইনে মামলাটি করা হয়। মামলায় The Arms Act, 1878-এর ১৯(এ)(এফ) ধারার উল্লেখ রয়েছে।


এজাহার ও তদন্তসংক্রান্ত নথিতে শাহ আলম সিকদারকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। একই নথিতে তাঁকে যুবলীগ ক্যাডার ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের ক্যাশিয়ার হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।


মামলার জব্দতালিকায় দুই ব্যক্তির কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের তথ্য রয়েছে। অস্ত্রগুলোর গায়ে ‘ONLY ARMY SUPPLY’ লেখা ছিল বলে নথিতে উল্লেখ করা হয়েছে।


গ্রেপ্তারের পর ১৫ দিন কারাগারে


নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে করা মামলায় শাহ আলম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় তিনি ১৫ দিন কারাগারে ছিলেন বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।


ওসি বলেন, মুক্তির পর নগরের লালখান বাজার এলাকায় আবারও ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে শাহ আলমের বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


জুলাই হত্যা মামলায় ৩৩ নম্বর আসামি


জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র হত্যা-সংক্রান্ত মামলার এজাহারে শাহ আলম সিকদারের নাম ৩৩ নম্বর আসামি হিসেবে রয়েছে। ওই মামলায় আ জ ম নাছির উদ্দীনকে এক নম্বর আসামি করা হয়েছে।


এজাহারে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা, দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।


নাছিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতির দাবি


স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে শাহ আলম সিকদার আ জ ম নাছির উদ্দীনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। নগরের নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও কোতোয়ালী এলাকায় তাঁর প্রভাব ছিল বলেও অভিযোগ রয়েছে।


তবে এসব অভিযোগের বিষয়ে শাহ আলম সিকদারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিবেদক।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর