| বঙ্গাব্দ
ad728
ad728

বিয়ে করলেন পারশা, স্বামীর পরিচয় গোপন রাখার অনুরোধ

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 07-11-2026 ইং
  • 397 বার পঠিত
বিয়ে করলেন পারশা, স্বামীর পরিচয় গোপন রাখার অনুরোধ
ছবির ক্যাপশন: বিয়ের খবর জানালেও স্বামীর মুখ ফুল দিয়ে ঢেকে রেখেছেন সংগীতশিল্পী পারশা মাহজাবিন।

বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার পারশা মাহজাবিন। গত ২৬ অক্টোবর দেশের বাইরে সম্পন্ন হয়েছে তাঁর আক্‌দ। তবে বিয়ের খবর প্রকাশ করলেও জীবনসঙ্গীর পরিচয় আপাতত গোপন রাখতে চান তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন পারশা। ছবিতে স্বামীর মুখ ফুল দিয়ে ঢেকে রেখেছেন তিনি। একই সঙ্গে বর সম্পর্কে কৌতূহলী ব্যক্তিদের উদ্দেশে মজার ছলে অনুরোধ জানিয়েছেন, ‘বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’

পারশা জানান, ভিসা জটিলতার কারণে তাঁর পরিবারের কেউ আক্‌দ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে বরের পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

স্বামীর পরিচয় গোপন রাখার কারণ ব্যাখ্যা করে পারশা বলেন, তাঁর নাম প্রকাশ করলে অনেকেই তাঁকে চিনে ফেলবেন। তাই আপাতত পরিচয় সামনে আনতে চান না। দুজন দুজনকে ভালোবেসে ‘প্রিয়’ বলে সম্বোধন করেন বলেও জানান তিনি।

পারশা জানান, প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে তাঁদের পরিচয় হয়। এরপর কথাবার্তার মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নিজের পছন্দের কথা পরিবারকে জানালে তাঁরাও সম্মতি দেন।

বরের মুখ ঢেকে রাখার বিষয়টিকে কেবল ব্যক্তিগত পছন্দ নয়, সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও একটি প্রশ্ন হিসেবে দেখছেন এই শিল্পী। তাঁর মতে, বিভিন্ন সংস্কৃতিতে বিয়ের সময় নারীর মুখ ঢেকে রাখা স্বাভাবিকভাবে গ্রহণ করা হলেও পুরুষের ক্ষেত্রে একই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়।

পারশার ভাষায়, ‘যুগ যুগ ধরে নারীর মুখ ঢাকা থাকলে সেটি ঐতিহ্য, আর পুরুষের মুখ ঢাকা পড়তেই এত কৌতূহল কেন?’ তিনি আরও বলেন, কেউ নিজের ইচ্ছায় পর্দা করলে তাতে তাঁর আপত্তি নেই। আপত্তি তখনই, যখন ব্যক্তিগত স্বাধীনতার জায়গাটি অন্য কেউ নিয়ন্ত্রণ করতে চায়।

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাবার কাছ থেকে পাওয়া নিরাপত্তা, ভালোবাসা ও স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন পারশা। তিনি এমন একজন মানুষ চেয়েছেন, যাঁর কাছে বাবার মতোই নিরাপদ ও নিশ্চিন্তে থাকা যায়। পাশাপাশি মানুষ, পশুপাখি ও প্রকৃতির প্রতি সংবেদনশীল এবং শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও দর্শন নিয়ে আলোচনা করতে আগ্রহী একজন সঙ্গী প্রত্যাশা করেছেন তিনি।

নিজের স্বাধীনতা ও স্বকীয়তা প্রসঙ্গে পারশা বলেন, ‘আমি কখনো এমন পুরুষ খুঁজিনি, যিনি আমাকে রাজমুকুট পরিয়ে দেবেন। আমি এমন একজনকে খুঁজেছি, যিনি কখনোই আমার মাথা থেকে সেই মুকুট খুলে রাখতে বলবেন না।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবিন। সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন এই তরুণ শিল্পী। এবার বিয়ের খবর প্রকাশ করলেও জীবনসঙ্গীর পরিচয় প্রকাশের বিষয়ে এখনই আগ্রহী নন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর