| বঙ্গাব্দ
ad728
ad728

গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এ ৬ নারী, জাতীয় পর্বে চট্টগ্রামের ১০ প্রতিযোগী

রিপোর্টারের নামঃ জিয়াউল হক ইমন
  • আপডেট টাইম : 08-11-2026 ইং
  • 484 বার পঠিত
গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এ ৬ নারী, জাতীয় পর্বে চট্টগ্রামের ১০ প্রতিযোগী
ছবির ক্যাপশন: গণিত অলিম্পিয়াডের সেরা প্রতিযোগীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

চট্টগ্রাম অঞ্চলের ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এ সেরা ১০ প্রতিযোগীর মধ্যে ছয়জনই নারী শিক্ষার্থী। এ ছাড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী ওয়াজ কুরুনি জিহাদ। সেরা ১০ প্রতিযোগী আগামী ৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়া ক্যাম্পাসে দিনব্যাপী এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় মিলনায়তনে প্রশ্নোত্তর পর্ব, ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম, চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব এবং বাংলাদেশ গণিত সমিতির কাউন্সিল সদস্য ও ই-ম্যাথ বাংলাদেশের গবেষক কাজী মো. খায়রুল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণিতচর্চা শিক্ষার্থীদের জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।

ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে বিষয়টির প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি করে। নিয়মিত অনুশীলন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জটিল সমস্যা সমাধানে সহায়ক।

রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, তথ্যবিজ্ঞান, নিউরাল নেটওয়ার্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির বিকাশে গণিতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অলিম্পিয়াডের আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস বলেন, প্রতিযোগিতায় অবস্থান অর্জনের পাশাপাশি নতুন কিছু শেখা, কঠিন সমস্যার মুখোমুখি হওয়ার সাহস এবং অভিজ্ঞতা বিনিময়ও গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ গণিত সমিতির কাউন্সিল সদস্য ও ই-ম্যাথ বাংলাদেশের গবেষক কাজী মো. খায়রুল বাশার জানান, দেশের আটটি অঞ্চলে একই প্রশ্নপত্রে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আয়োজক সূত্রে জানা যায়, বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব আয়োজন করে প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগ। এ নিয়ে তৃতীয়বারের মতো এ আয়োজনের দায়িত্ব পালন করল বিশ্ববিদ্যালয়টি।

এবার ১৩টি বিশ্ববিদ্যালয় ও সাতটি কলেজের মোট ১২৬ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাঁদের মধ্যে ১১৮ জন পরীক্ষায় অংশ নেন। অংশগ্রহণকারীদের ৬০ জন ছিলেন নারী শিক্ষার্থী। উল্লেখযোগ্য বিষয় হলো, সেরা ১০ প্রতিযোগীর মধ্যে ছয়জনই নারী।



ফলাফলে সেরা ১০

অলিম্পিয়াডের ফলাফল অনুযায়ী, প্রথম স্থান অর্জন করেন চুয়েটের ওয়াজ কুরুনি জিহাদ। দ্বিতীয় হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমডি খলিলুর রহমান রিয়াদ এবং তৃতীয় স্থান অর্জন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুমাইয়া আক্তার।

চতুর্থ স্থান অর্জন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুর্বা সওদাগর মাহি। পঞ্চম হন আয়োজক প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ।

অন্যদের মধ্যে ষষ্ঠ হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সুমি আহমেদ, সপ্তম ও অষ্টম হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাজমুল হাসান ও ফারজানা আক্তার। নবম হয়েছেন চুয়েটের ইসরাত জাহান এবং দশম হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুনায়েদুল ইসলাম ইসফাত।

সেরা ১০ প্রতিযোগী আগামী ৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশ নেবেন।

আয়োজন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ গণিত সমিতির পক্ষ থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সমিতির পক্ষে বুয়েটের অধ্যাপক ড. মো. আবদুল আলীম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে ক্রেস্ট তুলে দেন।

অন্যদিকে, প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে অধ্যাপক ড. মো. আবদুল আলীম, অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব ও কাজী মো. খায়রুল বাশারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজক কমিটির সদস্যসচিব ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মামুন-অর-রশিদ এবং কোষাধ্যক্ষ ছিলেন সহযোগী অধ্যাপক ড. হারধন কুমার মহাজন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় দিনব্যাপী আয়োজনটি সম্পন্ন হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর