চট্টগ্রাম অফিস:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পাহারার মধ্যেই এক আসামি পালিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে ছিনতাই ও ছুরিকাঘাতের অভিযোগ রয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম ইমাম হোসেন আকাশ (২৯)। তাঁর বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দিঘীরপাড় বরুমছড়া গ্রামে। তিনি নগরের বন্দর থানার আজাদ কলোনিতে ভাড়া থাকতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নগরের বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় এক চীনা নাগরিকের ওপর ছিনতাই চালান তিনজন দুর্বৃত্ত। তাঁরা ওই বিদেশির কাছ থেকে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ছুরিকাঘাত করেন। পরে পথচারীরা ছিনতাইকারীদের একজনকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করে।
আহত অবস্থায় পুলিশ পাহারায় থাকা অবস্থায় রাত সাড়ে আটটার দিকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ইমাম হোসেন আকাশের কাছে আসে এক পুরুষ ও দুই নারী। তাঁরা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। এক পুলিশ সদস্যকে ছুরি মেরে আকাশকে নিয়ে পালিয়ে যান তাঁরা। তবে পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারী হামলাকারীর একজনকে আটক করেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পলাতক আসামিকে দ্রুত আটকের চেষ্টা চলছে।’
এ বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দর জোনের উপকমিশনার আমিরুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোনে পাওয়া যায়নি।
ঘটনাটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং পুলিশ পাহারার গাফিলতির বিষয়টি সামনে এনেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |