চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শতভাগ সঠিক ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতেই চট্টগ্রামে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশের ১৪টি জেলার ১৪টি ওয়ার্ডে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম শুরু হচ্ছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা একটি ওয়ার্ডে এ কার্যক্রম চালু হবে।
জেলা প্রশাসক বলেন, নির্বাচিত ওয়ার্ড নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে, যাতে একটি নির্ভুল ও বাস্তবসম্মত তালিকা প্রস্তুত করা যায়। “যারা প্রকৃত দাবিদার, বিশেষ করে অসহায় নারীরা, তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হন—সেদিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি,” যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল–মত নির্বিশেষে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে। একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রণয়নে প্রশাসন বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, সারাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
তিনি জানান, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ অতি দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি নির্ধারিত কমিটি কাজ করবে। তবে প্রশাসন শুধু ওই কমিটির ওপর নির্ভর করবে না; সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নীতিমালা আরও নির্ভুল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
মনিটরিং ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ধাপে ধাপে প্রতিটি কার্যক্রম তদারকি করা হবে, যাতে কোনো ভুল তথ্য অন্তর্ভুক্ত না হয় এবং কোনো অসহায় নারী বাদ না পড়েন। “প্রত্যেক যোগ্য নারীর ফ্যামিলি কার্ড পাওয়ার অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য,” বলেন তিনি।
এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, সেখানে আরও সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |