| বঙ্গাব্দ
ad728
ad728

কয়লা বিক্রেতার ছেলে থেকে বিশ্বজয়ী, দি মারিয়ার অজানা গল্প

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 04-11-2026 ইং
  • 3413 বার পঠিত
কয়লা বিক্রেতার ছেলে থেকে বিশ্বজয়ী, দি মারিয়ার অজানা গল্প
ছবির ক্যাপশন: আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি আনহেল দি মারিয়া। তাঁর জীবন ও ক্যারিয়ারের অজানা গল্প উঠে এসেছে নেটফ্লিক্সের তথ্যচিত্রে।

ফুটবল মাঠে তাঁর অসাধারণ নৈপুণ্য, আর্জেন্টিনার জার্সিতে আবেগ আর বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা—সব মিলিয়ে আনহেল দি মারিয়া বিশ্ব ফুটবলের অন্যতম স্মরণীয় নাম। তবে মাঠের বাইরের দি মারিয়ার জীবন, পারিবারিক সংগ্রাম ও সাফল্যের পেছনের গল্প অনেকের কাছেই অজানা। সেই অজানা অধ্যায়গুলোই উঠে এসেছে তথ্যচিত্র ‘আনহেল দি মারিয়া: ব্রেকিং ডাউন দ্য ওয়াল’-এ।

আর্জেন্টাইন পরিচালক হুয়ান বালদানা নির্মিত এই তথ্যচিত্রে শৈশব থেকে শুরু করে বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে পৌঁছানোর দীর্ঘ যাত্রা তুলে ধরা হয়েছে। তিন পর্বে সাজানো তথ্যচিত্রটির গল্প শুরু হয়েছে দি মারিয়ার জন্মস্থান রোজারিও থেকে। শেষ হয়েছে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয় এবং কোপা আমেরিকা জয়ের আবেগঘন মুহূর্তে।

তথ্যচিত্রের প্রথম পর্বের নাম ‘২৬ ফুটবলস’। এর পেছনে রয়েছে বিশেষ একটি গল্প। স্থানীয় ক্লাব থেকে মাত্র ২৬টি ফুটবলের বিনিময়ে দি মারিয়াকে দলে নিয়েছিল রোজারিও সেন্ট্রাল। তাঁর শৈশব, পরিবারের আর্থিক সংকট এবং ফুটবলার হয়ে ওঠার সংগ্রামের গল্প উঠে এসেছে এই পর্বে।

দি মারিয়ার মা ডায়ানা সাইকেল চালিয়ে ছেলেকে অনুশীলনে নিয়ে যেতেন। অন্যদিকে বাবা মিগুয়েল ছেলের ভবিষ্যৎ নিয়ে ছিলেন কঠোর ও দায়িত্বশীল। পরিবারের ত্যাগ ও ভালোবাসার কথা বলতে গিয়ে মায়ের প্রসঙ্গে আবেগাপ্লুত হয়ে পড়েন দি মারিয়া। পুরোনো ভিডিও ফুটেজ ও পরিবারের সদস্যদের স্মৃতিচারণ তথ্যচিত্রটিকে আরও আবেগঘন করে তুলেছে।

দ্বিতীয় পর্ব ‘নো ওয়ান ইজ আ প্রফেট ইন দেয়ার ওন ল্যান্ড’-এ উঠে এসেছে ইউরোপীয় ফুটবলে দি মারিয়ার উত্থান-পতনের গল্প। বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদ, এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসে খেলার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে এখানে। বিশেষ করে রিয়াল মাদ্রিদে তাঁর সময়কার নানা অজানা ঘটনা এবং কোচ হোসে মরিনিওর স্মৃতিচারণ পর্বটিকে আকর্ষণীয় করেছে।

তৃতীয় পর্ব ‘ফ্রম কোল টু গোল্ড’ মূলত জাতীয় দলের হয়ে দি মারিয়ার ঘুরে দাঁড়ানোর গল্প। একসময় আর্জেন্টিনার হয়ে বড় শিরোপা জিততে না পারার সমালোচনা শুনতে হয়েছে তাঁকে। কিন্তু পরবর্তী সময়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সব সমালোচনার জবাব দেন তিনি। একের পর এক ফাইনালে গোল করে হয়ে ওঠেন আর্জেন্টিনার সাফল্যের অন্যতম নায়ক।

তথ্যচিত্রে শুধু দি মারিয়ার নিজের বক্তব্যই নয়, তাঁর জীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি, নেইমার, এজেকুয়েল লাভেজ্জি, সের্হিও রামোস, মার্সেলো, এমিলিয়ানো মার্তিনেজ, হোসে মরিনিও ও কার্লো আনচেলত্তির মতো তারকারা।

সব মিলিয়ে ‘ব্রেকিং ডাউন দ্য ওয়াল’ কেবল একজন ফুটবলারের ক্যারিয়ার নিয়ে নির্মিত তথ্যচিত্র নয়; এটি দারিদ্র্য থেকে উঠে আসা, পরিবারের ত্যাগ, ব্যর্থতার সঙ্গে লড়াই এবং স্বপ্নপূরণের এক অনুপ্রেরণামূলক গল্প। মাঠের পরিচিত দি মারিয়ার পাশাপাশি একজন আবেগপ্রবণ সন্তান, স্বামী ও সংগ্রামী মানুষের জীবনও নতুন করে চিনতে সাহায্য করে এই আয়োজন।

তথ্যচিত্রটির প্রথম পর্ব গত বছরের ১২ সেপ্টেম্বর মুক্তি পায় নেটফ্লিক্সে। তিনটি পর্বই স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে দেখা যাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর