ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে জেলার চেভেল্লা এলাকায় যাত্রীবাহী একটি বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, যাত্রীবাহী বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর ট্রাকের ভারী পাথরের বোঝা বাসের ওপর পড়ে যায়, ফলে অনেক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও এক শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের হায়দরাবাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ শুরু করে। বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের ধ্বংসস্তূপ কেটে বের করে আনা হয়। ঘটনাস্থলে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিতে চলা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দিয়েছেন।
ভারতে প্রায়ই অতিরিক্ত গতি ও যানবাহনের খারাপ অবস্থা সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর দেশটিতে কয়েক হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |