নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ড এলাকা থেকে এক হাজার টাকার জাল নোটের একটি বান্ডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) সকালে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম মো. ফয়সাল আহমেদ (২৭)। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার বাসিন্দা। তার পিতার নাম মনির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চৈতন্য বাসস্ট্যান্ড সংলগ্ন মাছ বাজার থেকে মাছ কেনার সময় ফয়সাল আহমেদ এক হাজার টাকার একটি নোট প্রদান করেন। নোটটি সন্দেহজনক মনে হলে মাছ ব্যবসায়ী আবুল হোসেন আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে উপস্থিত সাধারণ মানুষের সহায়তায় ওই যুবককে আটক করা হয়।
আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক হাজার টাকার নতুন নোটের একটি জাল বান্ডিল উদ্ধার করা হয়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে শিবপুর মডেল থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে জাল নোট চক্রের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |