জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরাম হত্যা মামলার অভিযুক্ত একেএম জিয়াউদ্দিন ওরফে জিয়া রনিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। একই সঙ্গে তাঁর জামিনের বিষয়টি আইনানুগভাবে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উত্তর ও দক্ষিণ জেলা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেখানে কোনো হত্যাকাণ্ডের বিচারহীনতা মেনে নেওয়া যায় না। শহীদ ওয়াসিম আকরাম হত্যার ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব-প্রতিপত্তি বিবেচনায় না নিয়ে আইনের আওতায় আনতে হবে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ থাকা উচিত নয়।
সাইফুল আলম আরও বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা একত্র হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তাঁরা মনে করেন। এসব পরিস্থিতি মোকাবিলায় ছাত্রদল রাজপথে সজাগ রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
বিক্ষোভ মিছিল থেকে শহীদ ওয়াসিম আকরাম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক সরওয়ার রুবেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি।
এ ছাড়া চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, তারিকুল ইসলাম তানভীর, জিএম সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান, জহির উদ্দিন বাবর, শহিদুল ইসলাম সুমন, মাহমুদুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |